কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এলাকা থেকে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রমতে, বিকেলে স্থানীয় বাসিন্দারা পুকুরপাড়ে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে কক্সবাজার সদর মডেল থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তার স্বামীর নাম সাইফুর রহমান।

স্থানীয়দের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি ও তার স্বামী সাইফুর রহমান দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নেন। কিন্তু গেল প্রায় ১৫ দিন ধরে তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি জানান, মরদেহটি কম্বলে মোড়ানো ছিল। এটি অর্ধগলিত এবং মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। বিষয়টি অত্যন্ত রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ওসি বলেন, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...