বাংলাদেশ জাতীয় সংসদের ‘লাইব্রেরি কমিটি’ গঠন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের আদেশক্রমে ১০ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) আসনের সংসদ সদস্য সৃজনশীল ব্যক্তিত্ব সাঈদ আল নোমান।
গত ৬ এপ্রিল সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির ২৫৭ বিধি অনুযায়ী এই কমিটি মনোনয়ন দেওয়া হয়।
কমিটির বিন্যাস অনুযায়ী, ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন—
লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজাম), ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়েব ইউসুফ আহমেদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
সংসদ সচিবালয়ের উপসচিব মো. ফয়সাল মোর্শেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির কার্যকাল ও দায়িত্ব সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান গুরুত্বপূর্ণ এই কমিটিতে স্থান পাওয়ায় তার নির্বাচনি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংসদীয় লাইব্রেরির আধুনিকায়ন ও জ্ঞানভিত্তিক সংসদীয় চর্চায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

