মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী।
শুক্রবার সীতাকুণ্ড উপজেলার গফুর শাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি মাদককে সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
আসলাম চৌধুরী বলেন, মাদক প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক, পারিবারিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে একইদিন বিকেলে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালংগা গ্রামে জিন্নত আলী চৌধুরী নুরানী মাদ্রাসার শুভ উদ্বোধন করেন অধ্যাপক আসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আসলাম চৌধুরী বলেন, নুরানী মাদ্রাসা শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান এলাকার শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠন সম্ভব। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

