চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবি এলাকায় আবারো হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকেই এই প্রকল্পের প্রতিবাদে সিআরবি সাত রাস্তার মোড়, শিরীষতলাসহ আশপাশের এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এরইমধ্যে বিকেলে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনে আসার কথা রয়েছে। যা ঘিরে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আন্দোলনকারীরাও মন্ত্রীর পরিদর্শনের আগে হাসপাতাল প্রকল্প নিয়ে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন।
সরেজমিনে সিআরবিতে দেখা গেছে, সিআরবি রক্ষা মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নগরীর লেখক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা অংশ নিয়েছেন৷ তারা সেখানে স্লোগান দিয়ে ‘হাসপাতাল প্রকল্প মানি না, মানব না’ বলে হুঁশিয়ারি দিচ্ছেন।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে সিআরবিতে ৫০০ শয্যার বেসরকারি হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আন্দোলনে ফেঁটে পড়েছিল। টানা ৪৮৩ দিনের সেই আন্দোলনের মুখে তৎকালীন সরকার প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হয়। তবে বর্তমান সরকারের রেলমন্ত্রী দায়িত্বগ্রহণের মাত্র দুই মাসের মাথায় আবারো প্রকল্পটি পুনরুজ্জীবিত করার তৎপরতা শুরু করায় নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে মন্ত্রীর সফরের আগে গত বৃহস্পতিবার রেলওয়ে কর্তৃপক্ষ সিআরবির সাত রাস্তার মোড় সংলগ্ন ২০টি দোকান উচ্ছেদ করে। আন্দোলনকারীদের দাবি, হাসপাতাল প্রকল্পের পথ পরিষ্কার করতেই এই তড়িঘড়ি উচ্ছেদ করল রেলওয়ে।
প্রসঙ্গত, নগরীর সিআরবি এলাকা শহরের ফুসফুস হিসেবে পরিচিত। এখানে রয়েছে শতবর্ষী কয়েকশো গাছ। আছে শিরীষতলা, আঁকাবাঁকা সড়ক, নগরীর একমাত্র দ্বিতল সড়ক, প্রাচীন রেলওয়ে পূর্বাঞ্চল ভবন, ছায়াঘেরা এক মনোরম পরিবেশ।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

