খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নীতি দত্ত চাকমা পূর্বে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এ যোগ দিয়ে পানছড়ি উপজেলার সংগঠকের দায়িত্ব পান।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা এ অভিযোগ অস্বীকার করে জানান, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

