শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য করে ছুটির দিনে প্রখর রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা নিয়েছেন কুমিল্লা-৫আসনের (বুড়িচং ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য মো. জসীম উদ্দিন ।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর তিনটায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন স্কুল এবং শিদলাই আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য গত ১৩ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সংবর্ধনা বা শুভেচ্ছা জানানো নিষিদ্ধ ঘোষণ করেন ।

শুক্রবার শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংসদ সদস্যর সংবর্ধনা নেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় ।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মো. জসীম উদ্দিিন এর সাথে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, সহকারী কমিশনার ভূমি তারেক রহমান ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, শুক্রবার ছুটির দিনে বিদ্যালয়ের শিক্ষকরা জোরপূর্বক তাদের বিদ্যালয়ে আসতে বাধ্য করে । এছাড়া ও শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা প্রখর রোদে রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‌এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা ।

এ বিষয়ে জানতে চাইলে শিদলাই নাজনীন স্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের বলেছি দুপুর দুইটায় বিদ্যালয় আসার জন্য তারা শতভাগ উপস্থিত ছিল । এমপি মহোদয় সোয়া তিনটায় বিদ্যালয়ের মূল ফটকে আসেন । এ সময় আমরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাই ।

শিদলাই আশরাফ স্কুলের প্রধান শিক্ষক মুমিনুল ইসলামকে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, ছুটির দিন নয়, স্কুল খোলার দিনও কোন শিক্ষার্থীকে রাস্তায় দাঁড় করিয়ে ফুল দেওয়ার নিয়ম নেই । সে যেই হোক । যারা এটি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

এ বিষয়ে জানতে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...