চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সত্তারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বিজয়পুর গ্রামের মো. আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আব্দুস সত্তার আমার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। নির্বাচনের পর তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি তা পরিশোধ করেননি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।”
অপর ভুক্তভোগী নাহারা গ্রামের মোশাররফ হোসেন বলেন, তার বোনের জমি ক্রয় সংক্রান্ত একটি বিরোধ মীমাংসার জন্য আব্দুস সত্তারের শরণাপন্ন হন। তিনি অভিযোগ করেন, “সমাধানের আশ্বাস দিয়ে আব্দুস সত্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও সমস্যার সমাধান না করে উল্টো আমার ওপর হামলা চালানো হয়। এরপর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
একই গ্রামের বিধবা শাহিন বেগম অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি দখলমুক্ত করতে আব্দুস সত্তারের কাছে গেলে তিনি ৩০ হাজার টাকা নেন। কিন্তু সমস্যা সমাধান তো করেনইনি, বরং টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপি এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা শালিসের নামে অর্থ আত্মসাৎকারী আব্দুস সত্তারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রসঙ্গত, অভিযুক্ত আব্দুস সত্তার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ২০১৬ সালের ১৩ এপ্রিল দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সত্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

