সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড
ছবি: আমার দেশ

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও পুকুর ভরাট করে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফরিদ আহমেদ নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজারের পূর্বপ মকবুলার রহমান জুট মিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও সীতাকুণ্ড থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একেএইচ লজিস্টিকসকে কনটেইনার টার্মিনাল নির্মাণ করতে সহায়তা করছিল একটি প্রভাবশালী মহল। চক্রটি অবৈধভাবে বিশাল একটি পাহাড় কেটে আসছিল এবং আংশিক পুকুর ভরাট করছিল। শুধু তাই নয়; আম, জাম, কাঁঠাল, জামরুলসহ ৫ হাজার গাছ কেটে ফেলে প্রতিষ্ঠানটি। এতে এলাকার পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের সত্যতা পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে ফরিদ আহমেদকে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ফরিদ আহমেদ ঢাকা জেলার আশুলিয়া থানার সাভার নবীনগর এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, একেএইচ জিস্টিকস লিমিটেড কোনো ধরনের কাগজ দেখাতে পারেনি। শুধু পাহাড় কাটা নয়, পুকুর ভরাট ও গাছপালা কাটারও প্রমাণ মিলেছে। পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছিল। তারা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ কোনো সংস্থা থেকে কোনো লাইসেন্স সংগ্রহ করেনি। তাই আমরা আপাতত কনটেইনার টার্মিনাল নির্মাণের পুরো কার্যক্রম বন্ধ করে দিয়েছি। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সীতাকুণ্ডে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। পাহাড় কাটা ও জলাশয় ভরাটের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন