ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই
মানিকগঞ্জে শিশু আতিকার লাশ উদ্ধারের পর স্থানীয়দের গণপিটুনিতে আপন দুই ভাই নিহত হয়। ছবি: আমার দেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা আপন দুই ভাই ও এক ভাইয়ের ছেলেকে আটক করে গণপিটুনি দেন। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার আপন ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন