নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও পুরস্কার বিতরণ

'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছ। এবছর মেলায় ১০ লাখ টাকার গাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, আমরা যা খাই এবং যে অক্সিজেন গ্রহণ করি সবকিছু গাছের সাথে জড়িত। সব জেনেও আমরা বনায়ন ধ্বংস করছি, বন উজাড় করে ঘরবাড়ি তৈরী করছি। আমাদের মানুষ হিসেবে যে দায়িত্ব সেটি আমরা যথাযথভাবে পালন করছিনা। আমরা জেনে-বুঝেই গাছ কেটে নিজেরা নিজেদের ক্ষতি করছি। আমরা এসব অভ্যাস থেকে বের হতে হবে। নিজেরা নিজেদের সাধ্য অনুযায়ী গাছ লাগাতে হবে এবং বনায়ন রক্ষা করতে হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার যে রক্ষাকবচ গাছ সেটি রক্ষা করতে হবে। কোন কারণে একটা গাছ কাটা গেলে নূন্যতম দশটা গাছ লাগাতে আমরা চেষ্টা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম বলেন, গাছ আমাদের বিনামূল্যে অক্সিজেন দেয়। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন সিলিন্ডার থেকে অক্সিজেন কিনতে বুঝা যায় আমরা প্রতিদিন বিনামূল্যে গাছ থেকে কি পরিমাণ অক্সিজেন পাই। গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি যদি তাদের দেশপ্রেম, বৃক্ষরোপণ এই বিষয়গুলো আলোচনা করা হয়,তবে দেশ সবুজে ভরে যেতে খুব বেশি সময় লাগবেনা।

সভাপতির বক্তব্যে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, গাছ মহান আল্লাহর সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ দান। গাছের কারণে আমরা প্রাণভরে অক্সিজেন নিতে পারি। গাছের অবদান বলে শেষ করা যাবেনা। সবাই প্রতিবছর যাতে নূন্যতম একটি করে হলেও গাছ লাগায়।প্রতিবছর গাছের কারণে আমরা অনেক বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই।

সমাপনী অনুষ্ঠানে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু, নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের নোয়াখালীর সম্পাদক এ.এস.এম.নাসিমসহ বিভিন্ন নার্সারির মালিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা বক্তব্য রাখেন। এসময় বৃক্ষমেলায় অংশ নেয়া নার্সারি মালিকদের মধ্য থেকে সেরাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে, গত সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঈদগা মাঠে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন