ফেনীতে ভুল চিকিৎসায় নাঈমা আক্তার লিজা নামে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে থানার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার রাতে নিহতের বাবা মোহাম্মদ নুর করিম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন, ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের মালিক ডা. নাজমুল হক ভূঁইয়া, ডা. নাসরিন আক্তার মুক্তা, ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক ডা. আবদুল কাইয়ুম, মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা গীতা রানী এবং ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের ম্যানেজার আতিকুর রহমান।
আসামিদের মধ্যে আতিকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। ঘটনার দিন উত্তেজিত জনতা তাকে ক্লিনিকের সামনে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত টিমের কাজ শেষ পর্যায়ে। শিগ্গির রিপোর্ট পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল নাঈমা আক্তার লিজা প্রসবব্যথা নিয়ে ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি হন। রাতে তার অপারেশন হলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরদিন সকালে নবজাতক রেখে লিজাকে 'ফেনী প্রাইভেট হাসপাতালে' পাঠায় ওয়ান স্টোপস কর্তৃপক্ষ। সেখানে চার ঘণ্টা অপারেশন থিয়েটারে রেখে বিকেলে চট্টগ্রামে পাঠান তারা। চট্টগ্রামে নেওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় লিজার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

