শাহরাস্তিতে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার, ইউপি সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তিতে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার, ইউপি সদস্য আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ইউপি সদস্য যুবলীগ নেতার ঘর থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন‌। এ ঘটনায় অভিযুক্ত মো. হুমায়ূন কবিরকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা দুস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির নিজ ঘরে মজুত করেন। এলাকায় এ খবর জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। রাতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে মামলা রুজুর নির্দেশ দেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান, মজুতকৃত চালগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

শাহরাস্তি মডেল থানার ‍ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, দুস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণ না করে ঘরে মজুত রাখার নিয়ম নেই। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...