মানিকগঞ্জে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে ম্যানেজারকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে ম্যানেজারকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে ম্যানেজার মিরাজুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিরাজুল ইসলাম পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চরসাহাদিয়া গ্রামের বাসিন্দা।

বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এনটারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, শুক্রবার বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন মিরাজ। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে করে ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের ছোড়া একটি গুলি মিরাজের শরীরে লাগে। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কাওসার আলম আরো জানান, সরকারি ইজারা নিয়ে তিনি বালুমহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বালু ব্যবসার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন