মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণকারী ১১ জন প্রার্থীকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অযোগ্য ঘোষণা করে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

অযোগ্য ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—সভাপতি পদে মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে মো. ফিরোজ খাঁন ও লাভলু মোল্লা, সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান সবুজ ও মুহাম্মদ আব্দুল হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মোস্তফা, দফতর সম্পাদক পদে প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হানিফ হিরু এবং কার্যকরী সদস্য পদে মো. শাহ আলী দেওয়ান।

নোটিশে উল্লেখ করা হয়, সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় এবং চলতি বছরের ৮ এপ্রিল তা জাতীয় সংসদে আইন হিসেবে প্রণীত হয়।

এ প্রেক্ষিতে সমিতির ৭৫ জন আইনজীবী গত ১৩ ও ১৬ এপ্রিল আবেদন করে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে এসব প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানান। ওই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে ১১ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—প্রিজাইডিং অফিসার মো. আশরাফুল আরেফিন সুমন, পোলিং অফিসার মো. মাহবুবুর রহমান তুহিন, জাকারিয়া ইসলাম কাঞ্চন এবং আমান উল্লাহ প্রধান শাহিন।

নোটিশে আরও জানানো হয়, অবশিষ্ট প্রার্থীদের মধ্যে আগামী ২৩ এপ্রিল যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে অযোগ্য ঘোষিত সহ-সভাপতি প্রার্থী লাভলু মোল্লা বলেন, “সারাদিন আমরা ভোটারদের কাছে ভোট চেয়েছি। পরে বিকেলে ফেসবুকে নোটিশ দেখে বিস্মিত হয়েছি। বিষয়টি বুঝে আগামী রোববার বিস্তারিত মন্তব্য জানাবো।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...