ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসের সুপার ভাইজার রোকুনুজ্জামান রঞ্জু (৫৭), তিনি চুয়াডাঙ্গ সদরের আজিবর রহমানের ছেলে, বাসের হেলপার শ্রী চঞ্চল বিশ্বাস (২৩), তিনি দামুরহুদা উপজেলার কার্পাস ডাঙ্গা এলাকার শ্রী মিলন কুমারের ছেলে, আরেকজন হলেন বাসযাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২), দামুরহুদা উপজেলার শিবনগর এলাকার মিজানুর রহমানের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। এ ছাড়া গুরুতর আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং অপর পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে আনা হলে তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

