ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- মাদ্রাসা শিক্ষার্থী ইমরান (১১) ও রাকিব (২৫)। এছাড়া বিএনপি নেতা মোহাম্মদ হোসেন খোকা, রফিক, কাউছার ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ইমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ‘বেস্ট স্টাইল (প্রা.) (লি.) এর অঙ্গ প্রতিষ্ঠান ডসল্যান্ড গার্মেন্ট এর ওয়েস্টিজ মাল নামানোকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন অভি গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব ও পথচারী মাদ্রাসা শিক্ষার্থী ইমরান গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন রক্ষায় সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, জেলা যুবদলের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় সারজিল আহমেদ অভি এলাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। ঝুট ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রণে তার বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে। এর আগেও তার নেতৃত্বে একই এলাকায় অবস্থিত মাদার কালার নামের অপর একটি গার্মেন্ট এর ঝুট নামানোকে কেন্দ্র করে ভাংচুর করা হয়েছিল।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এম এ মান্নান জানান, চাঁদনী হাউজিং এলাকায় ডসলেন্ড নামের একটি গার্মেন্ট এর ঝুট নামানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফতুল্লা থানা যুবদলের সভাপতি মাসুদ জানান, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অভি এ গার্মেন্ট এর ঝুট নামিয়ে আসছে। বারবার বলা সত্ত্বেও সে বিএনপির কাউকে সাথে নেয়নি। আমরা আজ গার্মেন্ট এর সামনে আসলে অভির নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী অস্ত্র হাতে আমাদের উপর অতর্কিত হামলা করে। তাদের ছোঁড়া গুলিতে আমাদের ওয়ার্ড বিএনপি নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী ইমরান গুলিবিদ্ধ হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা সারজিল আহম্মেদ অভি। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে এ গার্মেন্ট এর সাথে আমাদের ব্যবসা রয়েছে। আজ হঠাৎ করে মাসুদের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন