গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার আলমদস্তার কুডিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্রযোগে নিজ গন্তব্যে ফিরছিলেন ওই মাদরাসা ছাত্র। পথে আলমদস্তার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার আনুমানিক বয়স ১২ থেকে ১৪ বছর। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাত থাকায় মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, ফলে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে।

রাজৈরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন মাদরাসার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ নিহতের পরিচয় জানতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...