বাগেরহাটে চুরির ঘটনায় আদালতে মামলা, যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটে চুরির ঘটনায় আদালতে মামলা, যুবক গ্রেপ্তার
আরাফাত শিকদার

বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরির মামলায় আরাফাত শিকদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে আরাফাতকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার আরাফাত শিকদার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মৃত শিকদার বাদশা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এর আগে গত ২ এপ্রিল নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। এতে চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়। আসামিরা হলেন— আরাফাত শিকদার, নাদিম মোল্লা ওরফে রাকিব মোল্লা ও সালাউদ্দিন মোল্লা।

মামলা সূত্রে জানা যায়, গাড়ফা গ্রামের সাজিদ রায়হানের বাড়িতে নির্মাণকাজ চলছিল। গত ২৪ মার্চ বৈদ্যুতিক তার, বাথরুম ও টয়লেটের প্লাস্টিকের পাইপ, জিআই ফিটিংস, পিভিসি দরজা, প্লাস্টিকের দরজা, বৈদ্যুতিক মোটরচালিত পাম্প, সিঁড়ি তৈরির রড, সেনিটারি পাইপ, বাথরুমের দরজা চুরি করে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় গেল ২ এপ্রিল সাজিদ রায়হান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লাহাট থানার উপপরিদর্শক আল আমিন খান বলেন, এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় অন্য তিন আসামিকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন