জামালপুরের মেলান্দহ উপজেলায় ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মাদারগঞ্জ আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক রোমানা আক্তার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ বিবেচনায় নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিরা হলেন— জেলা কৃষক লীগের কৃষিপণ্য বিষয়ক সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী। এছাড়া কৃষক লীগ নেতা সুজন, আওয়ামী লীগ নেতা ফাজিল হক এবং ছাত্রলীগ নেতা মোসাদ্দিক হোসেন জুয়েলকেও কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তবে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে হেফাজতে নিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

