বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

ময়মনসিংহ অফিস

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০
ছবি: আমার দেশ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের নেতা মুফতি মুহাম্মদুল্লাহর ওপর হামলার অভিযোগ উঠেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারের বিরুদ্ধে।

এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন মুফতি মুহাম্মদুল্লাহ। মোতাহার হোসেন তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে গেলে মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা তার ওপর সরাসরি হামলা চালায়। পরবর্তীকালে হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে সেখানেও মোতাহার সমর্থিত নেতাকর্মীরা পুনরায় হামলা চালায়। এতে ১০ আহত হয়।

তিনি জানান, হামলার সময় স্থানীয় যুবদল নেতা রিয়াদ সরকার খেলাফত মজলিসের নেতাকর্মীদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও গুরুতর আহত করা হয়।

এছাড়া এ সময় খেলাফত মজলিসের নেতা হেদায়াতুল্লাহসহ একাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত বক্তব্যে এমপি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করেছেন এবং একাধিকবার যোগাযোগ করেছেন। তবে তার এই উদ্যোগে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, সংসদ সদস্য হিসেবে সরকারি প্রকল্প উদ্বোধনের নির্ধারিত প্রটোকল থাকা সত্ত্বেও মোতাহার হোসেন তালুকদার নিয়ম বহির্ভূতভাবে আগে গিয়ে উদ্বোধন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এমপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ‘আমি সব সময় দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছি। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সাম্প্রতিক ঘটনায় আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন এবং সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এমপি মুফতি মুহাম্মদুল্লাহ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আহতদের বিষয়ে তিনি বলেন, ‘যাদের আহত বলা হচ্ছে, তারা মুরগি জবাই করে শরীরে রক্ত মেখেছে।’ একই সঙ্গে তিনি ও তার দলের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন