নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ বাজার এলাকায় কলমদরিয়া নদীর ওপর নির্মিত একটি ব্রিজ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও থামানো যাচ্ছে না ভারী যানবাহনের চলাচল। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লোহার ব্যারিকেড ভেঙে প্রতিদিনই চলছে ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যান।

জানা গেছে, সম্প্রতি ব্রিজটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এতে সব ধরনের ভারী যান চলাচল বন্ধে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে ব্রিজের দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড ও লোহার ব্যারিকেড স্থাপন করা হয়। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে অবাধে চলছে ইট, বালি, কাঠ ও অন্যান্য মালামালবোঝাই যানবাহন।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, অবৈধ লড়ি ও ট্রাক্টরের মাধ্যমে নিয়মিত ভারী মালামাল পরিবহনের কারণে মেয়াদোত্তীর্ণ এই ব্রিজটি আরও ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা থাকলেও কার্যকরভাবে বন্ধ করা যাচ্ছে না যানচলাচল।

উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন করে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে যান চলাচলের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...