নেত্রকোনার মদনে একটি প্রভাবশালী মহল বেকু দিয়ে অবৈধভাবে কেটে নিচ্ছে মগড়া নদীর পাড়সহ ফসলি জমির মাটি। স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তাকে অবগত করার পরও বন্ধ হয়নি মাটি কাটা।
সোমবার সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের হাটশীরা বাজারের পাশে মগড়া নদীর দক্ষিণ পাড়সহ ফসলি জমির টপ সয়েল কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। স্থানীয় এই মহলটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে খুলতে নারাজ। অথচ গত দুই সপ্তাহ যাবৎ প্রকাশ্যে দিব্যি বেকু দিয়ে মাটি কেটে লড়ি ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভাবে মাটি বিক্রি করছে। মাটি ব্যবসায়ীরা এতটাই প্রভাবশালী যে, কিছু দিন আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটা বন্ধ করা হলেও অসাধু ব্যবসায়ীরা সহকারী কমিশনার ভূমির বিরুদ্ধে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে সাংবাদিকদের গাড়ী ভাংচুর করে। আর এই ভয় থেকেই স্থানীয় ভূমি কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছেন।
লড়ি দিয়ে মাটি টানার ফলে, রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। মাটি বহনকারী লড়ি থেকে মাটি রাস্তায় পড়ে ধুলোর সৃষ্টি হয়ে বাতাসের সাথে মিশে পরিবেশ দূষণ করছে। এছাড়াও রাস্তায় পড়ে থাকা মাটি অল্প বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হচ্ছে। এতে করে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।
মাটি ব্যবসায়ী আসাদ মিল্কি জানান, আমরা মালিকানা জমি থেকেই মাটি কাটছি। নদীর পাড় কাটছিনা।
এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নাইব) মির্জা মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করা হয়, আপনি এ রাস্তা দিয়েই উপজেলায় যাচ্ছেন। অথচ আপনার সামনেই বেকু দিয়ে নদীর পাড় কেটে নিচ্ছে, আপনি তো এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? উত্তরে তিনি বলেন, আমি দেখেনি, বেকুর কাছে পিয়নকে পাঠাচ্ছি।
ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নাইবকে নির্দেশ দিয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

