লেবাননে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে রোববার হামলা চালায় ইসরাইল। তবে হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হলে এতে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা নিহত হন।
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বিবিসিকে জানিয়েছে, হামলাটি মূল লক্ষ্যভেদ করতে পারেনি। এই ঘটনায় লেবাননের খ্রিস্টান-সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির জ্যেষ্ঠ নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ প্রাণ হারান। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আইডিএফ।
যে ভবনে হামলা চালানো হয় সেটি ছিল বৈরুতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি আবাসিক অ্যাপার্টমেন্ট, যেখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন পুরুষ ও দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় মেয়র বলেন, যে ভবনে হামলা হয়, তার নিচতলায়ই ওই দম্পতি বসবাস করতেন।
আইডিএফ জানিয়েছে, ভুলবশত এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা মূল্যায়ন করছে।
এদিকে লেবানিজ ফোর্সেস পার্টি জানিয়েছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না এবং তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। নিহত হওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ইস্টার সানডে উদযাপন করছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

