গৌরীপুরে বিএনপি নেতার তেল নিয়ে কারসাজি, পাম্প ম্যানেজার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুরে বিএনপি নেতার তেল নিয়ে কারসাজি, পাম্প ম্যানেজার গ্রেপ্তার
ছবি: আমার দেশ

ময়মনসিংহরে গৌরীপুরে উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হকের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের তেল নিয়ে কারসাজির খবর পাওয়া গেছে।

ঘটনায় জড়িত সন্দেহ ফিলিং স্টেশন ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৭।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

এ বিষয়ে জানতে সোয়াদ ফিলিং স্টেশনের মালিক ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হকের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিচিভ করেননি।

মামলা সূত্রে জানা যায়, মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এপ্রিল মাসের ১, ২ ও ৩ তারিখ ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে মোট ১৮ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পান।

এতে গত এক সপ্তাহে তিনি কিশোরগঞ্জের ভৈরব বাজার ডিপো থেকে সর্বমোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রোল প্রাপ্যতার কথা জানা যায়। কিন্তু জ্বালানি সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় গত মঙ্গলবার জ্বালানির নিরীক্ষা অভিযান চলাকালে সোয়াদ ফিলিং স্টেশনের গ্রেপ্তারকৃত ম্যানেজার শুধু এপ্রিল মাসের ৩ তারিখে ৯ হাজার লিটার পেট্রোল পাওয়ার কথা স্বীকার করেন। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়, ফিলিং স্টেশনটি অসৎভাবে তেল ব্যবসা বা অবৈধ মজুতের সঙ্গে জড়িত রয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত জনতা, দোকানী, মোটর সাইকেল ব্যবহারকারীরা জানান, এ মাসে সোয়াদ ফিলিং স্টেশনে মাত্র একদিন পেট্রোল বিতরণ করেছে।

এ বিষয়ে তেল বিতরণে নিয়োজিত তদারকি কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ অফিসার- আব্দুল্লাহ আল মামুন জানান, এ মাসের ৩ এপ্রিল মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন আমাকে অবগত করেন যে, তিনি ৯ হাজার লিটার বরাদ্দ পেয়েছেন। যা ৪ এপ্রিল বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...