নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ভাতিজার ছোড়া ঢিলে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সাদেক ভুইয়া (৬৫) একই গ্রামের কাজিম উদ্দিন ভুইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাদেক ভুইয়া ও তার ছোট ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। প্রায় চার বছর আগে মালয়েশিয়া প্রবাসী ফিরোজ মিয়ার কাছ থেকে জমি ক্রয় করা হলেও দলিল সম্পন্ন না হওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ঘটনার দিন বিকেলে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফিরোজ মিয়ার ছেলে জোনায়েদ (২৩)-এর ছোড়া একটি ঢিল আবু সাদেক ভুইয়ার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হঠাৎ করেই সাদেক ভুইয়া মাটিতে পড়ে যান।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এ দিকে ঘটনার পরপরই অভিযুক্ত ফিরোজ মিয়া, তার ছেলে জোনায়েদসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

