৫০ হাজার লিটার পেট্রোল গায়েব

তেল নিয়ে কারসাজি, ফিলিং স্টেশন মালিক বিএনপি নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

তেল নিয়ে কারসাজি, ফিলিং স্টেশন মালিক বিএনপি নেতা বহিষ্কার
বহিষ্কৃত বিএনপি নেতা হাফেজ আজিজুল হক

ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি তেল নিয়ে কারসাজির অভিযোগে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, জ্বালানি সংকটকালীন পরিস্থিতিতে গত মঙ্গলবার বিকেলে গৌরীপুরে জ্বালানির নিরীক্ষা অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা মনির নেতৃত্বে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালত অভিযানে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব করার অভিযোগ উঠে।

এ ঘটনায় অভিযুক্ত ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা মো. আফসারুল ইসলাম বাদী হয়ে অসাধু উপায়ে তেল ব্যবসা ও অবৈধ মজুদের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫/২৫(ডি) ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দলের কেউ পদ-পদবি ব্যবহার করে কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে দল তার দায়ভার নেবে না।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন