জামালপুরের মেলান্দহে আগের দামে কেনা মজুতকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স নুরুননাহার এন্টারপ্রাইজের মালিক আব্দুর রহিমের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাজরাবাড়ী বাজারে নুরুননাহার এন্টারপ্রাইজের মালিক আব্দুর রহিম গত ১৭ এপ্রিল ডিপো থেকে আগের দামে ক্রয় করা পেট্রোল নির্ধারিত সময়ে বিক্রি না করে মজুত করেন। পরে সরকার নির্ধারিত নতুন মূল্য কার্যকর হলে আগের দামে কেনা পেট্রোলই নতুন বাড়তি দামে বিক্রি করছেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একাধিক মোটরবাইক চালক অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তেল বিক্রি হবে। পরে এসে দেখি, নতুন বাড়তি দাম ছাড়া তেল দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনতে হচ্ছে।
রাশেদুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, নিয়ম অনুযায়ী আগের দামে কেনা তেল আগের দামেই বিক্রি করার কথা। কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। প্রতিবাদ করলে খারাপ আচরণ করছে, বাধ্য হয়েই বেশি দামে তেল নিতে হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী আব্দুর রহিম অভিযোগ স্বীকার করে বলেন, গত ১৭ তারিখে ডিপো থেকে তেল তুলেছি, আজ নতুন দামেই (১৩৫ টাকা) বিক্রি করছি। আগেও দাম বাড়লে এভাবেই বিক্রি করেছি। এ বিষয়ে প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি।
মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি বলেন, প্রজ্ঞাপনে আলাদা করে কিছু জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি।
তবে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল বিন রশিদ বলেন, আগে কেনা তেল আগের দামেই বিক্রি করার কথা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, আগের দামে কেনা তেল বেশি দামে বিক্রির সুযোগ নেই। কেউ এমনটি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

