জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিমুলতলী (ছেন্না) গ্রামে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেন্নায় দুটি মোটরসাইকেল হঠাৎ মুখোমুখি সংঘর্ষে হয়। এতে একটি মোটরসাইকেলে থাকা তিনজন এবং অন্যটিতে থাকা দুইজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার চরপলিশা গ্রামের জিয়াউলের একমাত্র ছেলে আব্দুর রহিম (৩২)। আহতদের মধ্যে দুজন একই গ্রামের গোলাম মোস্তাফার ছেলে আল-আমিন (৩০) ও রমজান আলীর ছেলে তাহাদুল্লাহ। এছাড়াও অন্য দুইজন চরঘোষেরপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি রফিকুল ইসলাম আমার দেশকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়।। দুর্ঘটনায় একজন নিহত এবং বাকিরা আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

