নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জের ধরে টানা দুই দিন বন্ধ থাকার পর জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের দিন ও রাতে কয়েক দফা ফলপ্রসূ আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু হয়।
জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজি চালকরা।
আহত চালক রুবেল হোসেনকে গুরুতর অবস্থায় প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা। এতে গত দুই দিন চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল দিনে ও রাতে কয়েক দফা আলোচনার পর শ্রমিকেরা আমাদের কথায় আশ্বস্ত হয়ে বাস চলাচল স্বাভাবিক করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

