চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলার সব পেট্রোল পাম্প মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির পদ্ধতি, ব্যবহারকারীদের নিবন্ধন প্রক্রিয়া, সরবরাহ ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভায় জানান, এই উদ্যোগের মাধ্যমে তেল বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ গ্রাহকেরা নির্ধারিত নিয়মে সহজে ও স্বচ্ছভাবে তেল ক্রয় করতে পারবেন।
পাম্প মালিকেরা জানান, প্রশাসনের েই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং অ্যাপস ব্যবহারে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে তেল বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তাদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

