বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

গত রোববার রাতে শহরে একটি খুনসহ বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঘটনায় তিন খুনের ঘটনা ঘটেছে। শিবগঞ্জ ও সদর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল তিনটি পরিদর্শন করেছে।

নিহত তিন জন হলেন শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের স্ত্রী ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোছা. শাহানাজ বেগম (৭২), একই উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামের বাসিন্দা বাবু সরকারের স্ত্রী মোমেনা খাতুন (৭০) এবং উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে রবিন মিয়া (২৭)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শনিবার রাতে শাহনাজ বেগম তার বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে গতকাল রোববার পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মেয়ে শেফালী খাতুন বলেন, ‘আমার ফুফু তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ছিল। আমার মায়ের ৫ শতক বাড়ির জায়গা এবং আমার ৪ শতক জায়গা নেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল।েএর জের ধরে সকালে আমার সঙ্গে বাগবিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে আমার মা এগিয়ে এলে ফুফু তানজিলা বেগম, ফুফাতো ভাই জেলাল মিয়া ও জেলালের স্ত্রী স্বপ্না আমার মাকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মা মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।’

এদিকে সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার রাত আনুমানিক ১০টায় বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহিন আমার দেশকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই পৃথক দুটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন