নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

নাটোর ও বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
দুর্ঘটনা কবলিত ট্রাক

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কানোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ারুল হক (৩০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত শহীদুল ইসলামের মেয়ে তাসফিয়া খাতুন (৮), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহুরউদ্দিনের ছেলে জুয়েল (৪০), একই উপজেলার ডুবি সাহাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ (৩০) ও জাহান উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৪৬)।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, নাটোর থেকে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে শরীয়তপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাস ‘আরপি স্পেশাল’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো ৫ জন মারা যান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের কিছুটা বেগ পেতে হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসের আহত যাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার রমজান আলী জানান, ট্রাকটি তার সঠিক লেনেই ছিল। বাসের চালক উল্টো লেনে গিয়ে ট্রাকের সামনে মেরে দিয়েছেন। সম্ভবত আমাদের বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।

এদিকে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন