নির্বাচনি সহিংসতা

বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর হামলায় জামায়াত কর্মী আহত

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর হামলায় জামায়াত কর্মী আহত
ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর হামলায় এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি কোয়ালীপাড়া গ্রামের মো. ইব্রাহিম আলী সরকার (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হক। তিনি এবং তার সঙ্গীরা নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি নাটোরের সমাবেশকে কেন্দ্র করে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় গত ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের ব্যবহারে ইব্রাহিম আলী সরকারের বাম হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে ছয়টি সেলাই দেওয়া হয়।

আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, তারা সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ করেছেন। এ বিষয়ে ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত নন এবং অভিযুক্ত ব্যক্তি তার দলের কি না সেটিও তিনি নিশ্চিত নন।

বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান বলেন, অভিযোগকারীরা থানায় উপস্থিত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর লিখিত অভিযোগ দাখিল করা হলে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...