বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে যত দিন ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হবে, তত দিন আমাদের সংগ্রাম চলতে থাকবে। জুলাই বিপ্লবে আমাদের দেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্লোগান ছিলÑ ‘উই ওয়ান্ট জাস্টিজ’। কিন্তু আমাদের দেশে এটি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চাই ভালো মানুষের শাসন এ দেশে প্রতিষ্ঠিত হোক। মানুষ মানুষের প্রতি ইনসাফ করবে। এই বৈষম্যহীন সমাজ, এই ন্যায়বিচারের সমাজ গড়ে তুলতে হলে ইসলামি আদর্শের কোনো বিকল্প নাই।
তিনি আরো বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় জাতিকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। একটি হলো মাদ্রাসা শিক্ষাব্যবস্থা, অরেকটি হলো আধুনিক শিক্ষাব্যবস্থা। তিনি প্রশ্ন রাখেন, ইসলামি শিক্ষাব্যবস্থা কি আধুনিক হতে পারে না? পারে। নৈতিক চরিত্র ছাড়া একটি শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ ভিত্তির উপর দাঁড়াতে পারে না। শিক্ষাব্যবস্থায় যদি নৈতিকতা থাকে, তাহলে তাকেই কেবল পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা বলা যেতে পারে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বিরোধীদলী হুইপ এ কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিরোধীদলীয় হুইপ আরো বলেন, ‘দেশে নন-এমপিওভুক্ত যত শিক্ষক আছেন, তাদের এমপিভুক্ত করতে হবে এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো জাতীয়করণ করা হয়নি, সেগুলো জাতীয়করণ করা। আমি আশা করব, আমাদের দেশের সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবে। সরকার যদি না করে, তাহলে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা বাস্তবায়ন করব।’
সেমিনারে বক্তব্য দেনÑরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মঈন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মওলানা শাহীনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

