রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে রামেকে হাম উপসর্গ নিয়ে মোট ভর্তি ৪২৯ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৩ জন। হাসপাতালটির মুখপাত্র ডা. শংকরকে বিশ্বাস সূত্রে এসব তথ্য জানা গেছে।
শংকর বলেন, মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে সন্দেহভাজন হাম নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৮ জন এবং ডিসচার্জ করা হয়েছে ৩২ জনকে।
সূত্র মতে, হাসপাতালটিতে আজ (৭ এপ্রিল) আরো একজন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে বেসরকারি রয়েল হাসপাতালে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক হামের রোগী শনাক্ত হয়েছেন। শুধু রাজশাহী বিভাগই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর ক্রমবর্ধমান চাপ প্রসঙ্গে ডা. শংকর কে বিশ্বাস বলেন, রোগীর সংখ্যা যদি আরও বাড়ে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় তাদের আইসোলেশন সক্ষমতা বৃদ্ধি করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

