হাবিপ্রবিতে `ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর' কর্মশালা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

হাবিপ্রবিতে `ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর' কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে-২০২৫ উপলক্ষে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে এ কর্মশালা আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে সকল শিক্ষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ও ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।

টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখভাল করাই ইউজিসির দায়িত্ব, তারপরও আমি বলবো অবহেলিত জনপদের এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেয়ার জন্য আমার ব্যক্তিগত প্রচেষ্টা ও কমিশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে। বর্তমান সময়ে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের কথা বলছি, এর কারণ হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাস্বত্ব ও সৃজনশীলতাকে সুরক্ষিত করা। কুষ্টিয়ার তিলের খাজা, জামদানি কিংবা ফজলি আম, যেটার কথাই বলেন, আরও অনেক জিনিস রয়েছে যেগুলোকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। সেরকম আপনার রিসার্চ বা ইনোভেটিভ আইডিয়াগুলো যে আপনার ছিল, কয়দিন পরে সেটা আপনি হারিয়ে ফেলবেন। দেশে বা বিদেশে অন্য কেউ হয়ত এটার দাবী করে বসবে, এজন্য এটিকে আমাদের সুরক্ষা প্রদান করতে হবে। এই প্রক্রিয়াকে সহজ করার জন্য ইউজিসি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে।

হাবিপ্রবির ভিসি বলেন, দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের স্বীকার। ব্যক্তিগতভাবে অনেক মানুষ বৈষম্যের শিকার হতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো এই ভার্সিটি প্রতিষ্ঠান হিসেবে বৈষম্যের স্বীকার। আশ্চর্যের বিষয় হলো দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ে চলমান কোন উন্নয়ন প্রজেক্ট নেই, অথচ একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ে বিশাল উন্নয়ন বাজেট দেয়া হয়েছে। এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট, জায়গা সংকট, শিক্ষার্থীদের আবাসিক হলের সংকটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...