বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর দুই জনকে তুলে নিয়ে গেলো বিএসএফ

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর দুই জনকে তুলে নিয়ে গেলো বিএসএফ
বিএসএফের গুলিতে নিহত আসাদুজ্জামান।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর দুই জনকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত আসাদুজ্জামান (৩৩) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। বাকি দুই জন হলেন, পীরগঞ্জ উপজেলার বৈরচুনার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও একই উপজেলার বৈরচুনার ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয়রা জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ আসাদুজ্জামানকে পরে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

বৈরচুনার ইউপি সদস্য শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদুজ্জামান আমার এলাকার ছেলে। আমরা ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি জেনেছি। আমি নিহতের বাসায় গিয়েছিলাম। বিষয়টি বিজিবিকে জানাব আমরা।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি আপনার মতোই শুনেছি, ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছে বিএসএফ।

এ বিষয়ে ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন