সৈয়দপুর-এ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সৈয়দপুর পৌর শাখা।
বুধবার উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে তিনি বলেন, পরিশ্রম, শৃঙ্খলা এবং আল্লাহর ওপর অটল আস্থা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
সৈয়দপুর পৌর শাখা শিবিরের সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার অফিস সম্পাদক সিরাজুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করা এবং তাদের সফলতা কামনায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

