দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর দাখিল মাদরাসায় টাকার বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে মুরারীপুর বাজার মাদরাসা রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বঞ্চিত প্রার্থী ও মামলার বাদী শরীফ আহম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জুয়েল ইসলাম, গোলাম রইসুল, শাহজাহান, রইস উদ্দিন ঢালী ও উত্তম রায়।
বক্তারা বলেন, ইউএনও ফজলে এলাহীর যোগসাজশে তিনটি পদে ৫০ লাখ টাকা নেন মাদরাসাসুপার নূর আহম্মদ। নিয়মবহির্ভূত এ নিয়োগে যোগ দেন সহকারী সুপার গোলাম রসুল শাহী, নিরাপত্তাপ্রহরী খায়রুল ইসলাম ও আয়া পদে পারভিন আক্তার। এ নিয়ে ইউএনও-সুপারসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তবু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিয়োগপ্রাপ্তরা।
এজন্য ইউএনও ফজলে এলাহীকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও সুপারকে চাকরিচ্যুত করাসহ অবৈধ নিয়োগ বাতিল চেয়ে মানববন্ধন করেন এলাকার লোকজন। অবিলম্বে তাদের অপসারণ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ ব্যাপারে ইউএনও ও মাদরাসার সুপারের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও রিসিভ করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

