দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-তপন চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের বাসিন্দারা। দ্রুত তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুবীর চক্রবর্তী ছোটন বলেন, রাতে চিৎকার শুনে এগিয়ে এসে দেখি তাদের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে দুই স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। এদের মধ্যে স্ত্রী লতা সরকারের শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাকে চেনার উপায় ছিল না। পরবর্তীতে হিন্দু ধর্মালম্বী অনুসারে তাদের দুজনের লাশ দিনাজপুরের চিতায় নিয়ে যাওয়া হয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুন্নবী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...