যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

ঈদে মুক্তির পর থেকে এখনো দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে রমরমা চলছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। গত শুক্রবার থেকে আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চোধুরী অভিনীত ‘দম’ আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের সাতটি শহরে মুক্তি পেয়েছে। সেখানেও বক্স অফিসে ‘ভালো সাড়া ফেলতে পারে’ এমন প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

তিনি বলেন, ‘আমরা দম নিয়ে ক্যাম্পেইন করছি। ইতোমধ্যেই খুব ভালো সাড়া পাচ্ছি। শুরুতে নিউইয়র্ক, লস এঞ্জেলেসে রিলিজ দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু দম নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরো পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ দেওয়া হলো।’

বিজ্ঞাপন

জানা গেছে, কুইনস (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস এঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস এঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া), আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলবে ‘দম’।

রাজ হামিদ বলেন, ‘বনলতার পরপরই দর্শক ‘দম’ দেখতে যাবে কিনা সেটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল! কিন্তু আমরা প্রমোশন করে দেখেছি দম’র রেসপন্স খুব ভালো। মুক্তির আগে অ্যাডভান্স টিকিটও ভালো।’

ধীরে ধীরে নর্থ আমেরিকা জুড়ে বাংলা সিনেমার অবস্থান ভালো হচ্ছে জানিয়ে রাজ হামিদ বলেন, ‘এখানে তামিল কিংবা বলিউড সিনেমা একসঙ্গে দুটো ফাইট করে। বরবাদ, দাগি, জংলিও এভাবে চলেছিল। এবার বনলতার সঙ্গে দম চলবে। ধীরে ধীরে আমরা খুব ভালো অবস্থানের দিকে যাচ্ছি।’

এদিকে ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলানটা জুড়ে চলবে সিনেমাটি। রাজ হামিদ বলেন, ‘১৭ তারিখ থেকে আরো বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরো দর্শক দেখতে পাবে।’ আগামী ২৪ এপ্রিল সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সারভাইবাল ও ইমোশন গল্পে নির্মিত ‘দম’ মফস্বল শহরে দর্শকদেরও হৃদয় নাড়া দেবে।

অন্যদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’ এবার অংশ নিতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি’ ফিল্ম ফেস্টিভ্যালে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের নবম আসরে ছবিটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্যই ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে। সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এর পরিচালক রায়হান রাফী।

ছবিটি নিয়ে নির্মাতা রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।’

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরই এখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়। স্বল্পসংখ্যক হল নিয়ে ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে। এদিকে চলতি সপ্তাহ থেকে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে।

আগামী সপ্তাহ থেকে সিনেমাটি নর্থ আমেরিকাসহ বেশকিছু জায়গায় মুক্তি পাবে। সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...