প্রতিটি প্রাণীর মধ্যেই কিছু না কিছু বিস্ময়কর রহস্য লুকিয়ে আছে । হাতির লম্বা শুঁড়, জিরাফের লম্বা গলা কিংবা ময়ূরের রঙিন পালকের মতোই বাঘেরও আছে এক বিস্ময়কর জিনিস—তাদের গোঁফ। প্রথম দেখায় মনে হয়, এ তো সাধারণ লোম! কিন্তু আসলে বাঘের গোঁফই তার জীবনের অন্যতম গোপন হাতিয়ার। আজকে আমরা জানব—কী সেই রহস্য, কেন গোঁফ বাঘের জন্য এত প্রয়োজনীয় আর আমাদের জীবনের সঙ্গেও এর কী মিল খুঁজে পাওয়া যায়।
বাঘ শক্তিশালী, দ্রুতগামী ও বুদ্ধিমান এক প্রাণী। তবে অন্ধকার রাতের জঙ্গলে শুধু শক্তি দিয়েই শিকার ধরা যায় না। তখন বাঘকে সাহায্য করে তার গোঁফ। এই গোঁফ আসলে সাধারণ লোম নয়, এগুলো বিশেষ ধরনের সংবেদনশীল লোম, যাকে বলে ‘ভাইব্রিসি’। বাঘ যখন অন্ধকারে হাঁটে, তখন তার গোঁফ বাতাসের সামান্য নড়াচড়াতেও সাড়া দেয়। কোনো গাছের গুঁড়ি, ঝোপঝাড় বা শিকার কাছে এলে বাঘ গোঁফের মাধ্যমে টের পায়। গোঁফ বাঘের জন্য প্রাকৃতিক রাডারের মতো কাজ করে। শুধু তা-ই নয়, বাঘের গোঁফ থাকে মুখের দুপাশে, চোখের ওপর আর চিবুকের কাছেও। এগুলো এতটাই সংবেদনশীল যে, সামান্য স্পর্শ পেলেই স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে খবর পাঠায়। ফলে বাঘ শিকার ধরতে বা বাধা এড়িয়ে চলতে পারে অনায়াসে। এমনকি যখন বাঘ পানি পান করে, তখনো তার গোঁফ চারপাশের তরঙ্গ টের পেয়ে সাবধান করে দেয়—কোথাও বিপদ আছে কি না।
বাঘের গোঁফের আরেকটি বড় রহস্য হলো শিকার ধরা। বাঘ যখন হরিণ বা মহিষের ঘাড়ে ঝাঁপ দেয়, তখন সে নিজের দাঁত বসায় নির্দিষ্ট জায়গায়। বিজ্ঞানীরা বলছেন, গোঁফই তাকে সাহায্য করে সেই জায়গা বুঝে নিতে। গোঁফ যেন তাকে বলে দেয়—এখানে কামড়ালে শিকার একেবারে নিশ্চুপ হয়ে যাবে। ভাবতে পারছ? এত বড় প্রাণীর গোপন শক্তি লুকিয়ে আছে তার কয়েকটা লোমের ভেতরে!
প্রকৃতির এ বিস্ময় থেকে আমরা কী শিখতে পারি? প্রথমত, ছোট জিনিসকে কখনো ছোট করে দেখা উচিত নয়। যেমন বাঘের শক্তিশালী দাঁত, নখর বা দেহ থাকলেও তার শিকার ধরা অনেকাংশেই নির্ভর করে গোঁফের ওপর। তেমনি আমাদের জীবনে ছোট ছোট অভ্যাস, সতর্কতা কিংবা খুঁটিনাটি জিনিসই অনেক সময় বড় কাজ সম্পন্ন করতে সাহায্য করে।
দ্বিতীয়ত, গোঁফের আরেকটি শিক্ষা হলো সংবেদনশীলতা। বাঘ তার চারপাশের পরিবর্তন টের পায় গোঁফের সাহায্যে।
বাঘের গোঁফের আরেকটি বিশেষত্ব হলো, এগুলো তার নিজের পরিচয়ের মতোও কাজ করে। প্রতিটি বাঘের গোঁফের দাগ বা বিন্যাস আলাদা। যেমন মানুষের আঙুলের ছাপ একেক জনের একেক রকম, তেমনি বাঘের গোঁফও তাকে আলাদা পরিচয় দেয়। এ থেকেও আমরা শিখতে পারি—প্রত্যেক মানুষ অনন্য, কারো সঙ্গে কারো মেলে না। তাই নিজেকে হীন মনে না করে নিজের বিশেষত্বকে গর্বের সঙ্গে লালন করা উচিত।
অন্যদিকে অনেক সময় মানুষ বাঘের চামড়া, দাঁত বা হাড়ের জন্য তাকে শিকার করে। অথচ তারা জানে না, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা কতটা প্রয়োজনীয়। বাঘ না থাকলে জঙ্গলের প্রাণীদের সংখ্যা বাড়তে থাকবে, আর তখন বনজীবন ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদেরও শিখতে হবে বন্যপ্রাণী রক্ষা করা; কারণ এরা শুধু সৌন্দর্যের জন্য নয়, পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
শেষকথা হলো—বাঘের গোঁফ শুধু লোম নয়, তা হলো বেঁচে থাকার জাদুকরী হাতিয়ার। অন্ধকারে পথ খুঁজে পাওয়া, শিকার ধরা, বিপদ টের পাওয়া—সবকিছুতেই এই গোঁফ তার সহযোগী। প্রকৃতির প্রতিটি সৃষ্টিই যে প্রয়োজনীয়, তা বাঘের গোঁফ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

