তাপপ্রবাহের দাপটের পর বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

তাপপ্রবাহের দাপটের পর বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি

টানা চারদিন দেশের বিভিন্ন জেলার অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার আট বিভাগেই বৃষ্টিপাত এবং তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখের চেয়েও দ্বিতীয় দিনে আজ তাপদাহ ও ভ্যাপসা গরম বেশি দাপট দেখিয়েছে সারাদেশে।

আজ সন্ধ্যায় সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক আমার দেশকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশেই বৃষ্টিপাত একটু বেশি হতে পারে। এতে তাপমাত্রা কমে সারাদেশে স্বস্তি ফিরবে। এভাবে আগামী শনিবার পর্যন্ত দেশে কমবেশি বৃষ্টি থাকার পর আগামী রোববার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। আজ বুধবার সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের ৫১ টি পর্যবেক্ষণ কেন্দ্রের মাত্র ৫টি কেন্দ্র এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৭১ মিলিমিটার। এছাড়াও নেত্রকোনায় ৪৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪২, কিশোরেগঞ্জের নিকলিতে ২ মিলিমিটার ও রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও আজ সংস্থাটির আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষতির পূর্বাভাসে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এদিকে আগের দিনের মতো আজ বুধবারও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার কিছুটা প্রশমিত হতে পারে।

আজ বুধবার সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; যা আগেরদিনও সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এখানে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য জেলাগুলোর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আগেরদিনও তাপপ্রবাহ বয়ে যায় এসব জেলায়।

রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস; আগের দিন ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সন্ধ্যা ৬টার পূর্বাভাসে স্টেশন পর্যবেক্ষণ ডেটায় পাবনার ইশ্বরদী এলাকায় আজ বৃষ্টি না হলেও তাপমাত্রা সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে সংস্থাটির ফোনে কল করে এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ওমর ফারুক আমার দেশকে বলেন, সংখ্যাটি ভুল উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে পাবনার ইশ্বরদী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ১০ ডিগ্রি সেলসিয়াস কম উল্লেখ করার বিষয়টিকে তিনি বড় ভুল বলেও উল্লেখ করেন।

অন্যদিকে বুবধার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আরো উল্লেখ করা হয়, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরদিন শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী শনিবার সন্ধ্যা থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জানিয়েছে সংস্থাটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...