কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

আমার দেশ অনলাইন

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

নানা বাধা-বিপত্তি পর কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ফলে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে পারবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের কার্যক্রম লাইসেন্সের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দেয়ায় চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘৭ এপ্রিল উদ্বোধনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও কিছু ক্রিটিক্যাল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানের জন্য সময় দেয়া হয়। এই প্রকল্প চালু না হওয়ায় দেশের ক্ষতি হচ্ছে এটাও চিন্তা করি। বিপুল এই জনসংখ্যার দেশে যদি কোনো অঘটন ঘটে, সেই জন্য সেসময় প্রকল্পে ফুয়েল লোডিংয়ের বিষয়ে রাজি হইনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য-আমরা সততার সঙ্গে জোরালো চেষ্টা করছি। এখন পজিশন ভালো। সেই জন্য ফুয়েল লোডিংয়ের বিষয়ে আমরা এখন সবাই একমত।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য জানিয়ে তিনি বলেন, প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের সময় আমি সশরীরে উপস্থিত থাকবো। প্রয়োজনে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকব। আমি আশা করি দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো ভুলের জন্য অঘটন ঘটে, তাহলে আমি প্রথম জীবন দিব।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২ দশমিক ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের সহযোগিতায় নির্মিত হয়।

২০২৪ সালের ১৩ অক্টোবর প্রথম ইউনিট ও ২০২৫ সালের ১৭ অক্টোবর দ্বিতীয় ইউনিট চূড়ান্ত হস্তান্তর করার কথা থাকলেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পের সময়সীমা দুই বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়।

ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন