প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতাপাঠ

সংসদ রিপোর্টার

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতাপাঠ
ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে প্রতিনিয়ত গান ও কবিতাপাঠ হলেও ত্রয়োদশ সংসদে এটাই প্রথম।

টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান চিফ হুইপ। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন। এরপর নূরুল ইসলাম মনি একটি কবিতা পাঠ করেন, তবে সেটি কার লেখা তিনি উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওই দিনই সংসদের বৈঠকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের বৈঠকে বেশ কয়েকজন সদস্য গান গেয়ে ও কবিতা পাঠ করে আলোচিত হয়েছিলেন। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফিস ওসমান ও ফোকশিল্পী মমতাজ এ ক্ষেত্রে এগিয়ে ছিলেন। প্রধানমন্ত্রীর এ ধরনের প্রশংসা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের শিকার হয়েছেন একাধিক মন্ত্রী-এমপি।

বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।’

নূরুল ইসলাম মনি এ সময় সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরে বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে এ রকম আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকাবার আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।

চিফ হুইপের কবিতা—

তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল

নদী ছিল, মানুষ ছিল স্বপ্নও ছিল

কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না

তিনি এলেন, বললেন খুবই কম কথা

সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন উই হ্যাভ আ প্ল্যান

তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো

কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো

বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি

নিজের আলোয় দাঁড়িয়েছিলেন

দরজাগুলো নিজেই খুলে গেছে

এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়

বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম

এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়

নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা

আশা জাগিয়ে তোলা।

তার কবিতা শুনে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...