প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঈদের আগে সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য

স্টাফ রিপোর্টার

ঈদের আগে সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

আগামী ২১ মের মধ্যে অর্থাৎ ঈদুল আজহার আগে সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে তথ্য উপদেষ্টা এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, বর্তমানে একটা খুবই আলোচিত ইস্যু হচ্ছে হামের নতুন করে প্রাদুর্ভাব। টিকাজনিত যে সংকট হয়েছিল, সেটা আসলে আমাদের এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে। তাই আমাদের সরকারে্ এসে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করছি এটা ট্যাকেল করার জন্য, এটাকে ফাইট করার জন্য।

বর্তমানে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। ৩ মে থেকে সারা দেশে একযোগে টিকা দেয়া হবে।

ধাপে ধাপে হবে টিকা দেওয়া হবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে। এরপর রোগের পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ভিত্তিতে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হবে ২১ মের মধ্যে অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার য়াগে পুরো কার্যক্রম সম্পন্ন করা।

তিনি বলেন, হাম সংক্রামক রোগ। সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এটা একবার ছোঁয়াচেও, কাছাকাছি থাকলেও কারো এটা ছড়িয়ে পড়তে পারে। তাই আইসোলেশন অবশ্যই, সেটা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এরকম একটা ইমারজেন্সিতে সেটাই করার কথা ছিল। এছাড়া জেলা, উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, আমরা শুরুতে বলেছি যে এটা আমাদের অবহেলা বা আমাদের সংকট না। কিন্তু খুবই মর্মান্তিক ব্যাপার হচ্ছে আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ যথেষ্ট না। আমরা বুঝি এবং আমরা ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের কোনো পরিস্থিতি না হয়, আমাদের গাফিলতির কারণে যাতে কোনো পরিস্থিতি না হয়; আমরা সেই চেষ্টা সর্বোচ্চভাবে করব। আমি নিজে একজন ডাক্তার। আমি জানি এটা অত্যন্ত প্রিভেন্টেবল একটা ডিজিজ। সেই ডিজিজে যখন শিশুরা মারা যায় খুবই মর্মান্তিক ব্যাপার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন