দেশে টানা কয়েক দিন তীব্র গরম থাকতে পারে

স্টাফ রিপোর্টার

দেশে টানা কয়েক দিন তীব্র গরম থাকতে পারে
ছবি: সংগৃহীত

দেশের কোথাও গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। হঠাৎ বৃষ্টিপাত কমে গিয়ে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল শনিবার রাজধানীতে তাপমাত্রা বেড়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা আরো ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকাল থেকে আকাশে কোনো মেঘ নেই। কড়া রোদে সারা দেশের আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামী কয়েক দিন তাপমাত্রা বেড়ে তীব্র গরম দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-একটি এলাকা ছাড়া সারা দেশের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি এলাকা ছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এমনকি পয়লা বৈশাখেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রেকর্ড করা হয় যশোরে ৩৫.৮ সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগের দিনের তুলনায় গতকাল শনিবার রাজধানীতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

বৃষ্টিপাতের পরিমাণ ও পরিধিও কমেছে। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে সংস্থাটির ৫১টি স্টেশন পর্যসবেক্ষণের কেন্দ্র এলাকার কোথাও বৃষ্টি হয়েনি। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমেই বাড়বে। এতে আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

তবে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের মতো এবার তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টি থাকবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, এর আগে গত ২ এপ্রিল দেশের ১৭ জেলায় এবং পরদিন ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়, ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর পর থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কমে যায়। এতে গত ৫ এপ্রিল থেকে আজ রোববার পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...