ফের ১৫ জেলায় তাপদাহ, তীব্র গরমে ছটফট করছে মানুষ

স্টাফ রিপোর্টার

ফের ১৫ জেলায় তাপদাহ, তীব্র গরমে ছটফট করছে মানুষ

গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসেও শুধুমাত্র সিলেটের দুয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সম্ভাবনা কম। এভাবে হঠাৎ বৃষ্টিপাত কমে গিয়ে আবারও দেশের ১৫ জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা ক্রমেই বাড়ছে, আগামী কয়েকদিন আরো তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার বিকাল ৪ টার দিকে আবহাওয়াবিদ ওমর ফারুক আমার দেশকে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই; ফলে তাপমাত্রা আরো বেড়ে বয়ে চলা তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

এদিক থেকে আটদিন পর আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ রাজধানী ঢাকা সহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরো কয়েক অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, এর আগে গত ২ এপ্রিল দেশের ১৭ জেলায় এবং পরদিন ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর পর থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কমে যায়। এতে গত ৫ এপ্রিল থেকে গতকাল শনিবার পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি।

হঠাৎ করে বৃষ্টিপাত একবারে কমে গিয়ে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা গত বৃহস্পতিবারের তুলনায় আজ রাজধানীতে তাপমাত্রা বেড়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, গতকাল শনিবারের তুলনায় বেড়েছে ১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস । একইভাবে বেড়েছে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রাও।

গতকাল শনিবার দেশের রেকর্ড করা হয় যশোরে ৩৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস । তা বেড়ে হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। গতকালের তুলনায় বেড়েছে ৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল থেকে কড়া রৌদ্দোজ্জ্বল দেশের আবহাওয়া, আকাশে কোনো মেঘ নেই। কড়া রোদে সারাদেশের আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এতে তীব্র ভ্যাপসা গরমে ছটফট করছে রাজধানীসহ সারাদেশের মানুষ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরবরর্তী আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের দুয়েকটি এলাকা ছাড়া সারাদেশের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এসময় তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে।

আগামীকাল সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েকটি এলাকা ছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রাও আরো এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে। এমন কি পহেলা বৈশাখেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসেও দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি কথা জানিয়েছে সংস্থাটি।

বৃষ্টিপাতের পরিমাণ ও পরিধিও কমেছে। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে সংস্থাটির ৫১ টি স্টেশন পর্যসবেক্ষণের কেন্দ্র এলাকার কোথাও বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন বড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।

তবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন