সংরিক্ষত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

আমার দেশ অনলাইন

সংরিক্ষত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হয়। নির্ধারিত মূল্য হিসেবে প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।

আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এর আগে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল তুলে ধরেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দাখিলের জন্য নির্ধারিত দিন ২৬ এপ্রিল আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী সদস্যদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত সহযোগী দলগুলো পাবে ১৩টি আসন এবং একটি আসন রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন