দলের বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে। এছাড়া ‘এ’ দলের খেলোয়াড়রাও আছেন ব্যস্ততার মধ্যে। ফলে বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। এমন দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে চান বলেও জানান তিনি।
আজ মিরপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আসেন টম লাথাম। সেখানে তিনি বলেন, ‘দলের সবারই মূল লক্ষ্য সিরিজ জেতা। তবে আমরা জানি সেটা করতে হলে আমাদের অনেক কিছু করতে হবে। আমাদের প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে এবং উন্নতি করতে হবে।’
বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অনেকটাই কম। এ নিয়ে লাথামের ভাষ্য, ‘আমাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের এ ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম। তবে বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলবে, আমাদের জন্য ততই মঙ্গল হবে। যদি শিখতে পারি এবং উন্নতি করতে পারি, তাহলে হয়তো সিরিজের শেষদিকে আমাদের জেতার একটা সুযোগ তৈরি হবে।’
বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে খেলা ১৬ ওয়ানডের মধ্যে আটটিতে হেরেছে নিউজিল্যান্ড। বিপরীতে তাদের জয় সাত ম্যাচে। অর্থাৎ, সমানে সমান লড়াই করেছে বাংলাদেশের বিপক্ষে। তবুও লাথামের আশা, সামর্থ্যের প্রমাণ দিতে পারলে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানো খুব একটা কঠিন হবে না তাদের।
এ নিয়ে লাথাম বলেন, ‘যেহেতু দলে অভিজ্ঞতার কিছুটা অভাব আছে, তাই আমার মতো যারা এখানে বেশি খেলেছে বা এ কন্ডিশন সম্পর্কে জানে, তাদের দায়িত্ব হলো তরুণদের যতটা সম্ভব জানানো এবং পরামর্শ দিয়ে সাহায্য করা। খেলা যখন শুরু হবে, তখন পরিস্থিতি অনুযায়ী সামনে যা আসবেÑসেটাকে মোকাবিলা করাই হবে আমাদের মূল কাজ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

